জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা ও বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে বাণিজ্য, কৃষি, সার, বস্ত্র ও শিক্ষাসহ বিভিন্ন খাতে একসঙ্গে কাজ করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ও আলজেরিয়া।
বৃহস্পতিবার আলজিয়ার্সে আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আহমেদ আত্তাফের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের দ্বিপাক্ষিক বৈঠকে এসব নিয়ে আলোচনা হয়।
সম্প্রতি দুই দেশের মধ্যে জ্বালানি খাতে যে সমঝোতা চুক্তি সই হয়েছে, সেটির কথা উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, এর ফলে সরকারি পর্যায়ে আলজেরিয়া থেকে এলএনজি, এলপিজি ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্য আনার একটি নতুন সুযোগ তৈরি হয়েছে।
তিনি জানান, এই চুক্তির ফলে বাংলাদেশে তেল শোধনাগার উন্নয়ন, এলএনজি অবকাঠামো তৈরি এবং নতুন কয়লা ও গ্যাস ক্ষেত্র অনুসন্ধানেও আলজেরিয়ার সহযোগিতা পাওয়া যাবে।
অন্যদিকে, বাংলাদেশের প্রকৌশলী ও কারিগরি কর্মীদের প্রশিক্ষণ দিয়ে জ্বালানি খাতে দক্ষ করে তুলতে আগ্রহ দেখিয়েছে আলজেরিয়ান পেট্রোলিয়াম ইনস্টিটিউট।
আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আহমেদ আত্তাফ জানান, বাংলাদেশের জ্বালানি সংকটের কথা মাথায় রেখে সে দেশের প্রেসিডেন্ট নিজেই অগ্রাধিকার ভিত্তিতে এই চুক্তিতে সই করার নির্দেশ দিয়েছিলেন।
কৃষি খাতের বিষয়ে আত্তাফ জানান, বাংলাদেশের প্রয়োজনীয় সারের চাহিদা মেটাতে এবং খাদ্য উৎপাদন বাড়াতে সহায়তা করতে প্রস্তুত আলজেরিয়া।
একই সঙ্গে, আলজেরিয়ার ঝিমিয়ে পড়া বস্ত্র খাতকে আবার চাঙ্গা করতে তিনি বাংলাদেশের অভিজ্ঞতা ও সহযোগিতা চান। এছাড়া ওষুধ, চামড়া ও বস্ত্র খাতেও দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে জোর দেন তিনি।
দুই দেশের সম্পর্ক আরও জোরদার করতে নিয়মিত বৈঠক এবং উচ্চপর্যায়ের সফর বিনিময়ের ওপর গুরুত্ব দেন উভয় প্রতিনিধি। খুব শিগগিরই ঢাকায় দু’দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ের পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে।


