গাইবান্ধার সাঘাটায় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।
শনিবার সকালে উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর দীঘলকান্দী গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবকের নাম সুজন মিয়া। তিনি ওই গ্রামের গোলজার রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, সুজন মিয়া বেশ কিছুদিন ধরে বিয়ের জন্য পরিবারের ওপর চাপ দিচ্ছিলেন। পরিবারের পক্ষ থেকে তার জন্য পাত্রী দেখা হলেও বিভিন্ন কারণে মেয়েপক্ষ তাকে পছন্দ না করায় বিষয়টি নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি।
নিহতের বাবা গোলজার রহমান জানান, প্রতিদিনের মতো শুক্রবার রাতে খাবার খেয়ে সুজন নিজ ঘরে ঘুমাতে যান। শনিবার সকালে ডাকাডাকি করেও সাড়া না পেলে পরিবারের সদস্যরা আশপাশের লোকজনকে নিয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। তারা সুজনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, নিহতের পরিবার ও স্থানীয়দের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।


