আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। শনিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের হাতে তিনি ফুলের তোড়া তুলে দেন।
এর আগে গত ২৪ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে ১০টি আসনে শরিক দলগুলোর প্রার্থীদের নাম ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই সিদ্ধান্ত অনুযায়ী, ঝিনাইদহ-৪ আসনটি জোটের শরিক দল গণঅধিকার পরিষদকে ছেড়ে দেওয়া হয়। তবে এই আসনে ধানের শীষ নিয়ে নির্বাচনের জন্য গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বিএনপিতে যোগদানের সিদ্ধান্ত নেন। গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এক ফেসবুক পোস্টে বিষযটি নিশ্চিত করেন। অন্যদিকে, নূর নিজে পটুয়াখালী-৩ আসন থেকে গণঅধিকার পরিষদের নিজস্ব প্রতীক ‘ট্রাক’ নিয়ে নির্বাচন করবেন। এই আসনটিও গণঅধিকার পরিষদকে ছেড়ে দিয়েছে বিএনপি।
ভোটার এলাকা পরিবর্তন ও পদত্যাগ
নির্বাচনে অংশগ্রহণের সুবিধার্থে রাশেদ খান সম্প্রতি তার ভোটার এলাকা পরিবর্তন করে ঝিনাইদহ-৪ (ঝিনাইদহ সদর ও কালীগঞ্জ উপজেলা) আসনে স্থানান্তর করেছেন। নির্বাচন কমিশন সচিবালয়ে তার করা আবেদনটি ইতিমধ্যে অনুমোদিত হয়েছে। রাশেদ খান গণমাধ্যমকে জানান, এর মাধ্যমে তিনি এখন ওই আসনের একজন স্থায়ী ভোটার হিসেবে নির্বাচনে লড়তে পারবেন।
রাজনৈতিক এই পরিবর্তনের অংশ হিসেবে রাশেদ খান গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এখন থেকে তিনি পূর্ণাঙ্গভাবে নির্বাচনী কার্যক্রম এবং বিএনপির রাজনীতির সাথে যুক্ত থাকবেন।


