চট্টগ্রামের রাউজান উপজেলার অলিমিয়াহাট বাজারে প্রকাশ্যে গুলি করে যুবদলের এক কর্মীকে হত্যার ঘটনায় মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার নিহতের স্ত্রী শাহনাজ বেগম রাউজান থানায় মামলাটি করেন। মামলায় তিনজনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও তিনজনকে আসামি করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে আসামিদের নাম প্রকাশ করেনি পুলিশ।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, ঘটনার প্রায় ২০ মিনিট আগে নিহত ব্যক্তি ও সন্দেহভাজনদের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটেছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তদন্তের স্বার্থে আসামিদের নাম প্রকাশ করা যাচ্ছে না। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে তিনি জানান।
নিহত মো. মজিব প্রকাশ ঘটক মুজিব ভান্ডারী (৫৫) উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের অলিমিয়াহাট বাজার এলাকার বাসিন্দা। তিনি পূর্ব গুজরা ইউনিয়ন যুবদলের কর্মী ছিলেন।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অলিমিয়াহাট বাজারে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বাজার থেকে হেঁটে বাড়ির উদ্দেশে রওনা দিলে মুখোশ পরা একদল সশস্ত্র যুবক মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলির পরপর হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা মজিবকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার চোখের ওপর, বুকে ও কোমরে তিনটি গুলি লাগে।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে রাউজানে সহিংসতার মাত্রা বেড়েছে। এ সময় উপজেলায় ২১টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে, যার মধ্যে ১৫টি রাজনৈতিক সংশ্লিষ্ট বলে দাবি করা হচ্ছে। একই সময়ে শতাধিক গোলাগুলি ও সংঘর্ষের ঘটনায় সাড়ে তিন শতাধিক মানুষ আহত হয়েছেন।


