ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থীর ৯০ দশমিক ২৪ শতাংশ আয়কর তথ্য জমা দিয়েছেন। অর্থাৎ ২৯৭ সংসদ সদস্যের মধ্যে ২৬৮ জন আয়কর জমা দিয়েছেন।
তবে বিজয়ী প্রার্থীদের ২৪ জন আয়কর বিবরণী না দিয়ে কেবল প্রত্যয়নপত্র দিয়েছেন, যা মোট বিজয়ী প্রার্থীর ৮ দশমিক ০৮ শতাংশ।
বৃহস্পতিবার রাজধানী ঢাকার জাতীয় প্রেস ক্লাবে সুশাসনের জন্য নাগরিক (সুজন) ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬: নবনির্বাচিত সংসদ সদস্যদের তথ্য উপস্থাপন’ শিরোনামে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায়।
সুজন কর্মকর্তাদের তথ্যানুযায়ী, আয়কর প্রদানকারী প্রার্থীদের মধ্যে ১৪ দশমিক ১৮ শতাংশ বা ৩৬ জন পাঁচ হাজার টাকার কম বার্ষিক কর দিয়েছেন। ১৩৬ জন প্রার্থী বা ৫০ দশমিক ৭৫ শতাংশ আয়কর দিয়েছেন লক্ষাধিক টাকার আর বছরে ১০ লাখের বেশি টাকা কর দিয়েছেন ৬১ জন বা বিজয়ীদের ২০ দশমিক ৫৩ শতাংশ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থীদের তুলনায় এবারের নির্বাচনে বিজয়ীদের মধ্যে আয়কর প্রদানকারীর সংখ্যা বেশি বলেও জানায় সুজন।
দ্বাদশ জাতীয় নির্বাচনে বিজয়ীদের মধ্যে আয়করদাতা ছিলেন ৭৬ দশমিক ৯২ শতাংশ।


