মাদারীপুরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত দুইজন নিহত ও ১৩ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মেলকাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে হতাহতদের উদ্ধারকাজে যোগ দেয় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
নিহতদের মরদেহ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের আশেপাশের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকগুলোতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রতক্ষ্যদর্শী, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে আসা ইমরান পরিবহনের একটি বাস মাদারীপুরের মেলকাই এলাকায় পৌঁছালে চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা বিআরটিসির একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
মাদারীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. শফিকুল ইসলাম জানান, এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হন। দুই বাসের সংঘর্ষের কবলে পড়ে সেসময় যাত্রীবাহী একটি ব্যাটারি চালিত ভ্যানও দুর্ঘটনার শিকার হয়। এতে ভ্যান ও দুই গাড়ির প্রায় ১৩ জন যাত্রী আহত হন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
এদিকে দুর্ঘটনার পর থেকে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ আছে। বাস দুটি সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিকের চেষ্টা করছে পুলিশ।


