ফের সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দুই কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীদের মধ্যে এ সংঘর্ষ হয়। রাজধানী ঢাকার সায়েন্সল্যাবে দফায় দফায় তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলে।
এতে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাগবিতণ্ডা থেকে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ছড়ায়। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে রণক্ষেত্রে রূপ নেয় সায়েন্সল্যাব ও নিউমার্কেট এলাকা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ সদস্যরা এগিয়ে গেলে তাদের লক্ষ্য করেও ইট-পাটকেল ছুড়তে থাকে উত্তেজিত শিক্ষার্থীরা। বিক্ষুব্ধদের ছত্রভঙ্গ করতে পুলিশ ঢাকা কলেজ ক্যাম্পাসের ভেতরে দুই রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে।
এবারের সংঘর্ষের পেছনের সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি।
এর আগেও একাধিকবার সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। মারামারি বন্ধ ও ‘ভ্রাতৃত্ববোধ’ গড়ে তোলার লক্ষ্যে গত ৯ নভেম্বর ‘শান্তিচুক্তি’ করে দুই কলেজের শিক্ষার্থীরা। তবে এক মাস না পেরোতেই গত ৯ ডিসেম্বর আবারও সংঘর্ষে জড়ান তারা।


