চুয়াডাঙ্গা-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও জেলা জামায়াত ইসলামীর আমির মো. রুহুল আমিন নির্বাচনী প্রচার শুরু করেছেন।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বীর মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত শেষে তিনি প্রচার শুরু করেন। প্রচার শুরুর পর জীবননগর উপজেলা জামায়াত ইসলামীর কার্যালয়ে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন রুহুল আমিন।
জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাহফুজুর রহমান মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন। সভায় মো. রুহুল আমিন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার নির্বাচনী অঙ্গীকার, উন্নয়ন পরিকল্পনা এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
তিনি বলেন, জনগণের কল্যাণে একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, স্থলবন্দর গড়ে তোলা, জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিত করা এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তিনি কাজ করতে চান। এ সময় অবাধ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাজলেসুল মুফাসসিরিন সূরা সভাপতি মাওলানা হাফিজুর রহমান, জামায়াতে ইসলামীর সাবেক জেলা আমির আনারুল হক মানিক, জেলা নায়েবে আমির আজিজুর রহমান এবং উপজেলা নায়েবে আমির শাখাওয়াত হোসেন।


