রুয়েটে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ হাজার শিক্ষার্থী

রুয়েটে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ হাজার শিক্ষার্থী
Advertisement
Advertisement

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার।

এ বছর ভর্তি পরীক্ষায় ১৪টি বিভাগের এক হাজার ২৩৫টি আসনের বিপরীতে অংশ নিচ্ছে ১৮ হাজার ২৭৭ জন শিক্ষার্থী।

ভর্তিচ্ছুদের সুবিধার্থে রুয়েটের পাশাপাশি এবারই প্রথম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কেন্দ্রেও পরীক্ষার আয়োজন করা হয়েছে।

আগেই বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে পরীক্ষার্থীদের রোল নম্বর, কেন্দ্র ও আসন বন্টন তালিকা প্রকাশ করা হয়েছে।

প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম জানান, ভর্তিচ্ছু ১৮ হাজার ২৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে রুয়েট কেন্দ্রে পরীক্ষায় বসবেন ৮ হাজার ৪৭৭ জন। বাকি ৯ হাজার ৮০০ জন পরীক্ষার্থী বুয়েট কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশ নেবেন।

আরও পড়ুন

এবারের ভর্তি পরীক্ষায় দুটি গ্রুপের (ক ও খ) অধীনে ১৪ টি বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ক গ্রুপে রুয়েট কেন্দ্রে ৮ হাজার ৪৭৭ জন পরীক্ষার্থী ও বুয়েট কেন্দ্রে ৯ হাজার ৮০০ জন পরীক্ষার্থী একযোগে সকাল সাড়ে ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ভর্তি পরীক্ষায় বসবে।

একই দিনে রুয়েটে দুপুর সোয়া ১২ টা থেকে সোয়া ১ টা পর্যন্ত খ গ্রুপের ৬৭০ জন পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবেন।

তিনি আরও জানান, পরীক্ষায় অংশ নিতে পরীক্ষার্থীকে উচ্চ মাধ্যমিকের মূল রেজিস্ট্রেশন কার্ড, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটাধারীদের গোত্রপ্রধানের দেওয়া সনদের সত্যায়িত ফটোকপি সঙ্গে রাখতে হবে।

পরীক্ষা চলাকালে ভর্তি কমিটি অনুমোদিত ক্যালকুলেটর ছাড়া অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস ও কোন প্রকার ব্যাগ সঙ্গে রাখতে পারবে না।

রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক বলেন, পরীক্ষাকে কেন্দ্র করে যেকোনো ধরনের জালিয়াতি রোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে সঙ্গে নিয়ে রুয়েট প্রশাসন বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমসহ সন্দেহভাজন সব অবজেক্টকে গোয়েন্দা নজরদারির আওতায় রাখা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর