বগুড়ার ধুনটে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা চালাতে গিয়ে বিএনপির নেতাকর্মীদের হামলার অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। এতে তাদের পাঁচ নেতাকর্মী আহত হওয়ার অভিযোগ এনে জামায়াতের পক্ষ থেকে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে।
ধুনট উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল করিম অভিযোগ করে জানান, এলেঙ্গী বাজারে শনিবার বিকাল ৫টার দিকে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় স্থানীয় বিএনপির এক নেতার নেতৃত্বে বিএনপি ও তার সহযোগী সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মী ‘হ্যাঁ’ ভোট প্রচারণা বন্ধ করতে বলেন।
এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তর্কবিতর্কের একপর্যায়ে বিএনপির নেতাকর্মীরা লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা চালালে জামায়াতের জিয়াউর রহমান ঠান্ডু (৪৫), আইয়ুব আলী (৪৯), মাসুদ রানা (৪০), আবু বক্কর (৪৫) ও সামিউল ইসলাম ছনেট (৩২) আহত হন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, এ ঘটনায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ১৪ জনের নামসহ বিএনপির অজ্ঞাত অর্ধশতাধিক নেতাকর্মীর নামে মামলা দেওয়া হয়েছে।


