রাজধানী ঢাকার রায়েরবাজারে অভিযান চালিয়ে ধারালো অস্ত্রসহ ৯ জনকে আটক করেছে সেনাবাহিনী। স্থানীয়দের অভিযোগ আটক দুষ্কৃতিকারীরা কিশোর গ্যাং-এর সদস্য।
বুধবার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত রায়েরবাজারের ক্যান্সার গলিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন মারুফ (১৯), মো. সানি (১৮), মো. আলাল (১৯), মো. রিফাত (২০), মো. সজিব (১৯), মো. রানা (১৯), মো. সাব্বির (১৮), মো. নাজমুল হাসান (১৯) এবং ওয়াসিম (২২)।
সেনাবাহিনী জানায়, বসিলা আর্মি ক্যাম্প থেকে চারটি দল বুধবার রাত ১২টা ৩০ মিনিট থেকে ভোর ৩টা পর্যন্ত রায়েরবাজার এলাকায় অভিযান চালিয়ে এই দুষ্কৃতিকারীদের আটক করে। অভিযানে ১৫টি বড় ধারালো ছুরি ও তিনটি সামুরাই উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার কিশোর গ্যাং সন্ত্রাসের বিরুদ্ধে রায়েরবাজার এলাকায় স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা একটি প্রতিবাদ সমাবেশ করেন। এ সময় তালিকাভুক্ত একটি কিশোর গ্যাং ওই সমাবেশে ধারালো অস্ত্র প্রদর্শন করে হামলার চেষ্টা চালায়। ঘটনার পর সেনাবাহিনীর হটলাইন নম্বরে একটি কল আসলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হয়।
৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, আটক ৯ জনকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হবে। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীরা তাদের বিরুদ্ধে মামলা করবেন বলেও জানান তিনি।


