দেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বঙ্গভবনের সব মসজিদে বিশেষ দোয়া ও মিলাদের আয়োজন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
শুক্রবার জুমার নামাজের পর বঙ্গভবন জামে মসজিদে অনুষ্ঠিত এ আয়োজনে রাষ্ট্রপ্রধান নিজেও অংশ নেন।
তার সঙ্গে সংশ্লিষ্ট সচিব, ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
নামাজ শেষে ইমাম মুহাম্মদ সাইফুল কবির খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও দ্রুত আরোগ্য কামনা করে মোনাজাত ধরেন। একই সঙ্গে দেশের শান্তি, স্থিতি, সমৃদ্ধি ও মানুষের কল্যাণের জন্যও দোয়া করা হয়।
এদিকে, গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসনকে উন্নত চিকিৎসার জন্য শিগগির লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে। যুক্তরাজ্যের অধ্যাপক রিচার্ড বিল এবং চীনের চারজন বিশেষজ্ঞসহ দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম তার শারীরিক অবস্থা পর্যালোচনা করে তাকে বিদেশ যাত্রার উপযোগী বলে ঘোষণা দেয়।
৮০ বছর বয়সী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, কাতারের আমিরের সরবরাহ করা একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে।
চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হওয়ার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি এয়ার অ্যাম্বুলেন্সে উঠবেন। ফ্লাইটটি কাতারে যাত্রাবিরতি করে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সেখানে তার বড় ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মাকে গ্রহণ করবেন। সেখান থেকে সরাসরি তাকে লন্ডন ব্রিজ হাসপাতালে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
এর আগে, চলতি বছরের শুরুতে দীর্ঘ চার মাস লন্ডনে চিকিৎসা শেষে ৬ মে দেশে ফেরেন খালেদা জিয়া। এবারও বিদেশি ও স্থানীয় বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত ১২ সদস্যের মেডিকেল বোর্ড তার চিকিৎসা তদারকি করছে।


