‘ফায়ার সার্ভিস জনগণের বন্ধু হিসেবে আত্মপ্রকাশ করেছে’

‘ফায়ার সার্ভিস জনগণের বন্ধু হিসেবে আত্মপ্রকাশ করেছে’
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন স্বরাষ্ট্র উপদেষ্টা | ছবি: টাইমস
Advertisement
Advertisement

ফায়ার সার্ভিস জনগণের বন্ধু হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকরা নিঃস্বার্থ সেবার মাধ্যমে জনগণের বন্ধু হিসেবে আত্মপ্রকাশ করতে সমর্থ হয়েছে।

শুক্রবার সকালে ঢাকার পূর্বাচলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ট্রেনিং গ্রাউন্ডে ‘ইন্টারন্যাশনাল ভলান্টিয়ার্স ডে’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের সাম্প্রতিক ভূমিকম্প, অগ্নিকাণ্ডসহ বড় ধরনের দুর্ঘটনায় পেশাদার ফায়ার সার্ভিস সদস্যদের পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও অসাধারণ ভূমিকা রেখে জনগণের আস্থা অর্জন করেছেন।

তিনি জানান, স্বেচ্ছাসেবকদের আগ্রহ ও ত্যাগ দেশের দুর্যোগ ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করেছে। কোনো আর্থিক সুবিধা ছাড়া অংশগ্রহণের জন্য তিনি তাদের ধন্যবাদ জানান।

উপদেষ্টা বলেন, সরকার স্বেচ্ছাসেবকদের জন্য বাড়তি সুবিধা, আধুনিক প্রশিক্ষণের সংখ্যা ও মান বৃদ্ধি করার উদ্যোগ নেবে।

আরও পড়ুন

এ পর্যন্ত ফায়ার সার্ভিস সারা দেশে ৬২ হাজার স্বেচ্ছাসেবক সৃষ্টি করার লক্ষ্যে কাজ করছে এবং ইতোমধ্যে ৫৫ হাজারের বেশি স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

প্রশিক্ষিত সদস্যরা ফায়ার সার্ভিস পরিবারের অংশ হয়ে আর্তমানবতার সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, যা জনবল সংকট কমাতে এবং প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়াতে সহায়তা করছে।

তিনি আরও বলেন, বড় ধরনের ভূমিকম্প, অগ্নিকাণ্ড, বন্যা কিংবা যেকোনো দুর্যোগে সরকারি বাহিনীর পক্ষে এককভাবে সবকিছু সামাল দেওয়া সম্ভব নয়। স্বেচ্ছাসেবকরা পেশাদার বাহিনীর সঙ্গে একযোগে কাজ করায় উদ্ধার তৎপরতা আরও দ্রুত, কার্যকর ও সংগঠিত হয়।

দক্ষ জনবল তৈরিতে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, বিশেষ করে ভূমিকম্পের মতো দুর্যোগ মোকাবিলায় সব স্তরে প্রস্তুতি, সচেতনতা ও প্রশিক্ষণ অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, ফায়ার সার্ভিসের মহাপরিচালক মুহাম্মদ জাহেদ কামালসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের আগে উপদেষ্টা ট্রেনিং গ্রাউন্ডে স্বেচ্ছাসেবকদের প্রদর্শিত মহড়াও পরিদর্শন করেন।

অনুষ্ঠান শেষে সাংবাদিকরা তাকে পুলিশ কমিশন অধ্যাদেশ রাজনীতিমুক্ত হবে কি না–এ প্রশ্ন করলে তিনি বলেন, আইন করা হয় জনগণের সেবা নিশ্চিত করার জন্য।

পুলিশ কমিশন জনগণ ও পুলিশের কল্যাণে সুপারিশ করবে এবং তা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাস্তবায়ন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad