আবারও দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। কক্সবাজার, পার্শ্ববর্তী পার্বত্য চট্টগ্রাম এবং চট্টগ্রাম শহরে ভূমিকম্প অনুভূত হয়। সোমবার রাত ১২টা ৫৭ মিনিটে কক্সবাজার শহর, উখিয়া ও চকরিয়া এলাকায় কয়েক সেকেন্ডের হালকা কম্পন অনুভূত হয়।
আন্তর্জাতিক সংস্থা ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) তাদের ওয়েবসাইটে জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৯। সংস্থার তথ্যে বলা হয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাগাইং অঞ্চলের নাচুয়াংয়ে।
এখনো কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, কম্পন খুব বেশি ছিল না এবং স্থায়িত্ব ছিল কয়েক সেকেন্ড। অনেকেই ঘর থেকে বেরিয়ে আসেন। রাতের ঘটনায় এলাকায় কিছুটা আতঙ্ক তৈরি হয়।
একই তথ্য দিয়েছে ইউনাইটেড স্টেটস জিওলজিকাল সার্ভেও (ইউএসজিএস) । মিয়ানমারে সৃষ্ট এই ভূমিকম্পে চট্টগ্রামেও অনুভূত হয়।
এ নিয়ে অষ্টমবারের মতো ভূমিকম্প অনুভূত হয়েছে বাংলাদেশে। শুরু হয়েছিল গত ২১ নভেম্বর। সেদিন নরসিংদীতে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে পুরো দেশ। এরপর থেকে টানা মৃদু ভূমিকম্প অনুভূত হয়।


