স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় বিশেষ ঋণ সেবা ‘ইউরাইজ’ চালুর ঘোষণা দিয়েছে ইউনাইটেড ফাইন্যান্স। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোম্পানির প্রধান কার্যালয়ে সোমবার এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে এবং ঋণের আবেদন গ্রহণ করা হচ্ছে মোবাইল অ্যাপ ‘উমা’র মাধ্যমে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল আহসান এবং এসএমই ও নারী উদ্যোক্তা অর্থায়ন বিভাগের প্রধান সুদীপ সাহা।
‘৩৬ বছরের যাত্রায় প্রান্তিক মানুষের পাশে থেকেছে ইউনাইটেড ফাইন্যান্স,’ বলেন মোহাম্মদ রফিকুল ইসলাম।
তিনি বলেন, তরুণদের উদ্ভাবনী শক্তি দেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে এগিয়ে নিতে পারে এবং বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় সাশ্রয়ী খরচে এই ঋণ দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, ঋণ প্রক্রিয়াকে আরও সহজ ও সম্পূর্ণ ডিজিটাল করার মাধ্যমে উদ্যোক্তারা দ্রুত সেবা পাবেন।
‘উমা’ অ্যাপের মাধ্যমে সরাসরি আবেদন করার সুযোগ থাকায় উদ্যোক্তারা ঘরে বসেই ঋণের জন্য আবেদন করতে পারবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


