এখনো নির্বাচনী সংলাপের সিদ্ধান্ত নেয়নি ইসি

এখনো নির্বাচনী সংলাপের সিদ্ধান্ত নেয়নি ইসি
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে কথা বলেন ইসি সচিব। ছবি: টাইমস
Advertisement
Advertisement

রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচনী সংলাপ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ। তিনি বলেন, প্রার্থী ও রাজনৈতিক দলের আচরণ বিধিমালা চূড়ান্ত হলে নির্বাচনী সংলাপে সময়সূচি নির্ধারণ করা হবে।

রোববার বিকাল ৩টার দিকে ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গণমাধ্যমকর্মীদের তিনি এসব কথা বলেন।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ হওয়ার প্রসঙ্গে ইসি সচিব বলেন, ‘সংলাপের ব্যাপারে আমরা অপেক্ষায় আছি, প্রার্থী এবং রাজনৈতিক দলের আচরণ বিধিমালার গেজেট প্রকাশ হলেই সংলাপের সময়টা ঠিক করে নেব।’

এ সময় পোস্টাল ব্যালট নিয়ে আখতার আহমেদ বলেন, ‘আমরা অ্যাপটা লঞ্চ করতে চেয়েছিলাম ১৬ নভেম্বর। সেটা এখন ১৮ নভেম্বর হবে।’

আরও পড়ুন

কারণ হিসেবে তিনি বলেন, ‘১৬ নভেম্বর অধিকাংশ দেশে সাপ্তাহিক ছুটি। সেটা বিবেচনা করে দেখা গেছে ১৮ নভেম্বর করলে ভালো হয়। আর ১৮ তারিখ আমরা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করব। সেটার জন্য এই পরিবর্তন।’

এদিকে নিবন্ধনের দাবিতে গত ৪ নভেম্বর থেকে অনশনে থাকা আমজনতার দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমানকে নির্বাচন কমিশনে আপিল করার আহ্বান জানিয়েছেন ইসি সচিব। অনশন ভঙ্গ করে আইনি প্রক্রিয়ায় বিষয়টি সমাধানের অনুরোধ জানান তিনি।

আপিল, সংশোধনী, পরিমার্জন বা সময় বর্ধন এসব প্রচলিত প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলেন, ‘আইনিভাবে যতটুকু বলা প্রয়োজন, আমরা তা চিঠির মাধ্যমে জানিয়েছি। এখন তারা চাইলে আপিল করতে পারেন এবং যেসব ঘাটতি আছে, তা পূরণ করতে পারেন।’

আপিল করার প্রক্রিয়া সম্পর্কে ইসি সচিব জানান, আপিল করতে হলে ইসি সচিবালয়ের মাধ্যমে জ্যেষ্ঠ সচিব বা কমিশনের সচিব বরাবর আবেদন করতে হয়। আপিলের জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা দেওয়া হয়নি। আবেদনকারীরা চাইলে আগামীকালও আবেদন করতে পারেন বলে জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর