সবাই নির্বাচন মুডে এলে অপরাধ কমবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সবাই নির্বাচন মুডে এলে অপরাধ কমবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ঢাকা মহানগর পুলিশকে (ডিএমপি) ২০টি নতুন গাড়ি হস্তান্তর উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘যখন সবাই নির্বাচন মুডে আসবে, তখন অপরাধ কমে যাবে।‘

তিনি বলেন, ‘এ সময় রাজনৈতিক কার্যক্রম বাড়বে, বিভিন্ন রাজনৈতিক দল রাজনৈতিক অনুষ্ঠান করবে। নির্বাচনের জন্য বেশ কিছু প্রতিষ্ঠানের কাজ বাড়বে, এর মধ্যে সবচেয়ে বেশি কাজ থাকবে নির্বাচন কমিশন, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং রাজনৈতিক দলগুলোর। সবাই যদি সহযোগিতা করে, তবে নির্বাচন খুব ভালোভাবে অনুষ্ঠিত হবে।‘

বুধবার ঢাকা মহানগর পুলিশকে (ডিএমপি) ২০টি নতুন গাড়ি হস্তান্তর উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানের শুরুতে তিনি আনুষ্ঠানিকভাবে নতুন গাড়িগুলোর চাবি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর হাতে তুলে দেন।

আরও পড়ুন

জনগণকে সবচেয়ে বড় স্টেকহোল্ডার উল্লেখ করে তিনি বলেন, ‘যখন জনগণ নির্বাচনমুখী হবে, তখন কেউ কিছু আটকাতে পারবে না। জনগণ বড় একটি ফ্যাক্টর। আমাদের দেশে জনগণ নির্বাচনের বিষয়ে অত্যন্ত সচেতন। এখনই চায়ের স্টলে নির্বাচন নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। নির্বাচনের সময় আলোচনা আরও বেশি হবে। নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হোক, সেজন্য আমাদের সবার চেষ্টা থাকবে।‘

পুলিশ সদস্যদের ওপর হামলা, মারধর, নির্যাতনের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ‘এই ধরনের ঘটনা কমে আসছে। কিছুদিন আগে নরসিংদীতে এমন ঘটনা ঘটেছিল, তবে এই সংখ্যা কমে আসছে। আপনাদের প্রচারের মাধ্যমে জনগণ আরও সচেতন হবে, আর তাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না।‘

পুলিশের গাড়ির স্বল্পতা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘অনেক দিন ধরেই পুলিশ বাহিনীর গাড়ির স্বল্পতা রয়েছে। ২০০টি গাড়ি ক্রয় করা হয়েছে, তবে এখনো গাড়ির সংখ্যা প্রয়োজনের তুলনায় কম। প্রধান উপদেষ্টার নির্দেশনায় ফিন্যান্স ও শিল্প উপদেষ্টাদের সহযোগিতায় আরও ২০০ গাড়ি ক্রয় করা সম্ভব হয়েছে। এই বছর আরও অনেকগুলো গাড়ি ক্রয় করা হবে।’

তিনি আরও বলেন, ‘পুলিশের যানবাহনের স্বল্পতা ছাড়াও ব্যবস্থাপনার সমস্যাও রয়েছে। ঢাকার ৫০টি থানার মধ্যে ২৫টি থানাই ভাড়া ভবনে অবস্থিত। কিছুদিন আগে পাঁচটি থানার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে এবং আরও দুটি থানার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর