রাজশাহীর দুর্গাপুর ও পুঠিয়া উপজেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।
সোমবার রাতে এবং মঙ্গলবার দুপুরে এসব দুর্ঘটনা ঘটে।
এর মধ্যে পুঠিয়ায় মোটরসাইকেল, ভ্যান ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে দুই যুবক এবং দুর্গাপুরে ভ্যানগাড়িতে ট্রাকের ধাক্কায় একজন নিহত হন।
নিহতরা হলেন- মোটরসাইকেল আরোহী দুর্গাপুর উপজেলার কিশমতগনকৌড় ইউনিয়নের আড়ইল গ্রামের আবু ছাইদের ছেলে শাহীন (২৩) ও আফসার আলীর ছেলে দেলোয়ার হোসেন (২৫) এবং চারঘাট উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের ভ্যানচালক সুজন (৪২)।
মঙ্গলবার বেলা ১টার দিকে দুর্গাপুর-শিবপুর প্রধান সড়ক সিংগা ব্রিজ সংলগ্ন এলাকায় কয়লাবোঝাই ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই ভ্যানচালক সুজন নিহত হন। ঘটনার পরপরই ট্রাকটি জব্দ করেছে পুলিশ। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পরপরই ট্রাকটি জব্দ করা হয়। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে, সোমবার রাতে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে দুই যুবক নিহত হন। পুলিশ জানিয়েছে, মোটরসাইকেলটি পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের তেবাড়িয়া গোডাউন মোড়ে পৌঁছলে ভ্যানের সঙ্গে ধাক্কা খেয়ে সড়কে আছড়ে পড়েন তারা। এ সময় বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী ট্রাকে চাকায় পিষ্ট হয়ে দুইজনই গুরুতর আহত হন। তাদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথে শাহীন মারা যান। তার সহযাত্রী দেলোয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে মারা যান।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, এ ঘটনায় সড়ক দুর্ঘটনা আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে ট্রাক চালককে গ্রেপ্তার করা হয়।


