বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থবোধ করায় মঙ্গলবার মধ্যরাতে বেসরকারি ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন।
পরে বুধবার সকালে তার অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়, মির্জা ফখরুলের ‘শারীরিক অবস্থা স্থিতিশীল’ রয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেএম জাহিদ হোসেন সাংবাদিকদের জানান, রাত ১২টার দিকে গুলশানের বাসায় অসুস্থ বোধ করেন মির্জা ফখরুল। পরে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ এখন মহাসচিবের অবস্থা স্টেবল। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। সবাই দোয়া করবেন।’
তিনি আরও জানান, হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক মোমিনুজ্জামানের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন মির্জা ফখরুল।
এর আগে, চিকিৎসকদের পরামর্শে ফলোআপ চিকিৎসার জন্য বিএনপি মহাসচিব গত ১৩ আগস্ট থাইল্যান্ডে ব্যাংককের রুটনিন আই হাসপাতালে গিয়েছিলেন। স্ত্রী রাহাত আরা বেগমও তার সঙ্গে ছিলেন। গত ১৪ মে একই হাসপাতালে তার চোখের রেটিনায় অস্ত্রোপচার করা হয়।
দলীয় সূত্র জানায়, ঢাকায় নেমে প্রথমে গুলশানের বাসায় যান বিএনপি মহাসচিব। এরপর দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে যোগ দিতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে যান। রাত ১১টা পর্যন্ত সেই বৈঠক চলে। এরপর বাসায় গিয়ে অসুস্থবোধ করেন ফখরুল। দ্রুত বাসার কাছে ওই হাসপাতালে নেওয়া হয় তাকে।


