সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ ও রাজনৈতিক সচেতনতা বাড়ানোর লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই’ শীর্ষক পদযাত্রা কর্মসূচির সমাপ্তি হয়েছে।
বুধবার রাতে সাভারের বাইপাইল পথসভা শেষে রাজধানীর প্রধান কার্যালয়ে ফিরে কর্মসূচি শেষ করেন দলের কেন্দ্রীয় নেতারা।
দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মিডিয়া সেলের সদস্য খান মুহাম্মদ মুরসালীন বলেন, ‘ঝড়-বৃষ্টি, রোদসহ নানা বাধা অতিক্রম করেই আমরা এই কর্মসূচি শেষ করেছি।’
তিনি জানান, রাত সাড়ে ১১টার দিকে পদযাত্রায় অংশ নেওয়া শীর্ষ নেতারা কার্যালয়ে পৌঁছালে এনসিপির ঢাকা মহানগর নেতারা তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
মাসব্যাপী এই কর্মসূচির আওতায় এনসিপি বিভিন্ন জেলা ও উপজেলায় পথসভা ও গণসংযোগ করেছে। দলটি জানিয়েছে, এই পদক্ষেপের মাধ্যমে তারা রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের অবস্থান তুলে ধরতে চায়।


