ভারতে অবস্থান করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বৃহস্পতিবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) একটি প্রতিনিধি দলকে বিদায় জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। তাই তাকে ফিরিয়ে আনতে পাসপোর্ট বা ট্রাভেল পাস ইস্যু করা হবে না। বরং দুই দেশের মধ্যে বিদ্যমান বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফিরিয়ে আনা হবে।
প্রস্তাবিত বাংলাদেশ-চীন-মিয়ানমার করিডোর নিয়ে হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ এই করিডোর নিয়ে ভূ-রাজনৈতিক টানাপোড়েনের কোনো শঙ্কা দেখছে না। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই অঞ্চলটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হবে। এই পরিকল্পনায় বাংলাদেশের যথেষ্ট আগ্রহ আছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এর আগে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান হতে হবে।


