কিশোরগঞ্জের কটিয়াদীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনের ছেলে শাহরিয়ার জামান (৪০) আশঙ্কামুক্ত। বর্তমানে ঢাকার কল্যাণপুরের ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
বৃহস্পতিবার বেলা সোয়া ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন আখতারুজ্জামান। তিনি জানান, ছেলের বুকসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করা হয়েছে। তবে চিকিৎসকদের পর্যবেক্ষণে সে এখন আশঙ্কামুক্ত।
বুধবার রাত ৮টার দিকে কটিয়াদীর গচিহাটা বাজারে শাহরিয়ারের ওপর হামলা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। কটিয়াদী থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।
ছেলের ওপর হামলার জন্য বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দায়ী করেছেন আখতারুজ্জামান। বুধবার রাতে ফেসবুক লাইভে তিনি অভিযোগ করেন, সহশ্রাম ধূলদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা এ হামলায় জড়িত। ইউনিয়ন বিএনপির সহসভাপতি হামলায় নেতৃত্ব দিয়েছেন বলেও দাবি করেন তিনি।
আখতারুজ্জামানের অভিযোগ, হামলায় জড়িত ব্যক্তিরা এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা ও নানা অপরাধে যুক্ত। তাদের নাম পুলিশকে দেওয়া হয়েছে। ঘটনার পর পুলিশ সুপার, কটিয়াদী থানার ওসি, স্থানীয় সংসদ সদস্য ও বিএনপির সভাপতিকেও বিষয়টি জানিয়েছেন তিনি।
হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে আখতারুজ্জামান বলেন, ‘আমি আশা করি, বিএনপি দলীয়ভাবে তাদের আশ্রয় দেবে না, কোনো সুযোগ-সুবিধা দেবে না। আইনে যা হয়, তাই যেন হয়।’
তিনি আরও বলেন, ‘আজকে জামায়াতের ওপর বিএনপির লোকেরা আক্রমণ করা শুরু করেছে।’ ঘটনার বিচার দাবি করে জামায়াতও দলীয়ভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।


