বড়দিনের উপহার হিসেবে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে চান স্যামি

বড়দিনের উপহার হিসেবে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে চান স্যামি
ওয়েস্ট ইন্ডিজ কোচ ড্যারেন স্যামি। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে ক্যারিবীয় জনগণকে আগাম বড়দিনের উপহার দিতে চান ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামি। ঢাকায় অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে ৮ উইকেটে জয় তুলে নিয়ে বর্তমানে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে সফরকারীরা।

এবার বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাওয়া দ্বিতীয় ও শেষ টেস্টে জিতে ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করতে চায় ক্যারিবীয় শিবির।

দীর্ঘ এই সফর শেষে পরিবারের সঙ্গে বড়দিন উদযাপনের অপেক্ষায় থাকার কথা জানিয়ে স্যামি বলেন, ‘অধিনায়ক ছেলেদের বলেছে, এটি আমাদের জন্য দারুণ একটি বড়দিনের উপহার হবে।’

বাংলাদেশের মাটিতে সিরিজ জয়কে অত্যন্ত বড় অর্জন হিসেবে দেখছেন তিনি, কারণ নিজেদের মাঠে টাইগাররা সবসময়ই শক্তিশালী প্রতিপক্ষ।

আরও পড়ুন

কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজ এবং ভারত ও নিউজিল্যান্ড সফরের মতো কঠিন চ্যালেঞ্জগুলোর কথা স্মরণ করে স্যামি জানান, ধীরে ধীরে দল সঠিক ভারসাম্য ও স্থিতিশীলতা খুঁজে পেয়েছে।

স্পিন বোলিং ও স্পিন সামলানোর ক্ষেত্রে ব্যাটিং কোচ ফ্লয়েড রেইফারের অধীনে দলের দীর্ঘমেয়াদি প্রস্তুতি ও উন্নতির প্রশংসা করেন তিনি। বিশেষ করে প্রথম টেস্টের চতুর্থ ইনিংসে ১৭০ রানের লক্ষ্য তাড়ায় ক্যারিবীয় ব্যাটারদের ধৈর্য ও আত্মবিশ্বাস দারুণ সাফল্য এনে দিয়েছে বলে মন্তব্য করেন কোচ।

সিলেট টেস্টের উইকেট ও একাদশ নিয়ে কথা বলতে গিয়ে স্যামি জানান, ম্যাচের দিন সকালে উইকেট পর্যবেক্ষণ করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। পেস সহায়ক উইকেটে অভিজ্ঞ পেসার কেমার রোচকে খেলানোর বিকল্প যেমন তাদের হাতে আছে, তেমনি স্পিন সহায়ক উইকেটের জন্যও পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে।

তবে বাংলাদেশের কোচ ফিল সিমন্সকে নিয়ে সম্পূর্ণ সতর্ক রয়েছেন স্যামি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশকে এবং ফিলকে আমি চিনি। তিনি যেভাবে কাজ করেন, তাতে প্রতিপক্ষকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। তিনি জয়ের জন্য মরিয়া হয়েই মাঠে নামবেন। তাই আমরা সহজ কিছু আশা করছি না।’ নিজেদের প্রস্তুতি ও ধারাবাহিকতার ওপর আস্থা রেখেই মাঠে নামছে ক্যারিবীয়রা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad