ফরিদপুরের সালথায় গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় উভয়পক্ষের ১৫টি বসতঘর ভাঙচুর ও কয়েকটি বাড়িতে লুটপাটের ঘটনা ঘটেছে।
বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে সালথা উপজেলার গট্টি ইউনিয়নের মেহেরদিয়া গ্রামে এ সংঘর্ষ হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের কালাম মুন্সী ও নুর ইসলাম মুন্সীর সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। বুধবার দুপুরে কালাম মুন্সী নিজের ফসলের জমিতে বেড়া দিতে গেলে প্রতিপক্ষের লোকজন তাকে মারধর করেন।
এর জেরে বিকালে নুর ইসলাম মুন্সী ও আনছার মাতুব্বরের সমর্থকদের সঙ্গে কালাম মুন্সীর সমর্থকদের সংঘর্ষ বাধে। উভয়পক্ষ ঢাল-সড়কি ও ইটপাটকেল নিয়ে প্রায় এক ঘণ্টা ধরে ধাওয়া-পাল্টা ধাওয়া করে।
এ সময় ১৫টি বসতঘর ভাঙচুর করা হয়। কয়েকটি বাড়ির মালামালও লুট করা হয়। খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে কালাম মুন্সী ও নুর ইসলাম মুন্সীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। কালাম মুন্সীর ফসলের জমিতে বেড়া দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


