জব ফেয়ারে ইন্টার্নশিপ পেলেন মাভাবিপ্রবির ১৪ শিক্ষার্থী

জব ফেয়ারে ইন্টার্নশিপ পেলেন মাভাবিপ্রবির ১৪ শিক্ষার্থী
ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

ভাইস-চ্যান্সেলরের উদ্যোগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রচেষ্টা এবং বিশ্ববিদ্যালয়ের প্রথম ক্যারিয়ার অ্যান্ড জব ফেয়ারের মাধ্যমে শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে গড়ে ওঠা সহযোগিতার সুফল পেয়েছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ১৪ শিক্ষার্থী। দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তিপণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসিতে ইন্টার্নশিপের সুযোগ পেয়েছেন তারা। ইন্টার্নশিপ শেষে কর্মদক্ষতার ভিত্তিতে প্রতিষ্ঠানটিতে স্থায়ী চাকরির সুযোগও রয়েছে।

গত ১ নভেম্বর থেকে শিক্ষার্থীদের ইন্টার্নশিপ কার্যক্রম শুরু হয়েছে। আগামী ৩০ জানুয়ারি ২০২৭ পর্যন্ত এ কার্যক্রম চলবে। এ সময়ে শিক্ষার্থীরা ওয়ালটনের বাস্তব কর্মপরিবেশে কাজ করার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, শিল্প উৎপাদনব্যবস্থা এবং প্রযুক্তিগত সমস্যা সমাধানে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের বাস্তব অভিজ্ঞতার সংযোগ ঘটাতে ভাইস-চ্যান্সেলর বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে আসছেন। তার দিকনির্দেশনায় আইসিটি বিভাগের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট কার্যক্রম এবং বিশ্ববিদ্যালয়ের প্রথম ক্যারিয়ার অ্যান্ড জব ফেয়ার আয়োজন এ উদ্যোগকে এগিয়ে নেয়।

গত ২১ জুলাই ২০২৬ তারিখে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট কার্যক্রমের অংশ হিসেবে আইসিটি বিভাগের ১৯তম ব্যাচের শিক্ষার্থীরা ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি পরিদর্শন করেন। এ সময় তারা প্রতিষ্ঠানটির আধুনিক প্রযুক্তি, উৎপাদনব্যবস্থা ও সামগ্রিক কার্যক্রম সম্পর্কে বাস্তব ধারণা লাভ করেন। পাশাপাশি সেখানে ইন্টার্নশিপ করার আগ্রহ প্রকাশ করেন। পরবর্তী সময়ে ৭ অক্টোবর ওয়ালটন কর্তৃপক্ষের আয়োজিত লিখিত ও মৌখিক বাছাই পরীক্ষায় অংশ নেন শিক্ষার্থীরা।

এর ধারাবাহিকতায় ২৭ অক্টোবর মাভাবিপ্রবি দিবস-২০২৬ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রথমবারের মতো ক্যারিয়ার অ্যান্ড জব ফেয়ার অনুষ্ঠিত হয়। ভাইস-চ্যান্সেলরের নেতৃত্ব ও সার্বিক পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ মেলায় ওয়ালটনসহ দেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান অংশ নেয়। মেলায় ওয়ালটনের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থান খাতে দুই প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতার প্রাতিষ্ঠানিক ভিত্তি তৈরি হয়।

আরও পড়ুন

পরে ২৮ অক্টোবর ওয়ালটনের মানবসম্পদ বিভাগ থেকে আইসিটি বিভাগের ১৪ শিক্ষার্থীর ইন্টার্নশিপের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এর মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে গড়ে ওঠা সহযোগিতার বাস্তব সুফল পান শিক্ষার্থীরা।

ইন্টার্নশিপের সুযোগ পাওয়া শিক্ষার্থীরা হলেন—হোসেন মোহাম্মদ আবুজর, আব্দুল হামিদ পিয়াস, আতিক ইসরাক, ইসমাইল হোসেন শাফি, আবিদুর রহমান মাহিদ, মো. রমিজ উদ্দিন খান, রাহাত বিন হাফিজ, মো. রেজোয়ান রহমান রাজ, সাব্বির আহমাদ, আব্দুর রহিম, সাফায়েত তানজিম, কুলদীপ সাহা মুগ্ধ, রিয়া সাহা ও তাসনিম জান্নাত নাইমা। তারা সবাই আইসিটি বিভাগের ১৯তম ব্যাচের (২০২১-২২ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী।

ইন্টার্নশিপ চলাকালে শিক্ষার্থীরা প্রযুক্তিগত কাজ, শিল্প উৎপাদনপ্রক্রিয়া এবং পেশাগত দায়িত্ব পালনের বাস্তব অভিজ্ঞতা অর্জন করবেন। তাদের কর্মদক্ষতা, নিষ্ঠা, দায়িত্বশীলতা ও পেশাগত যোগ্যতা মূল্যায়নের ভিত্তিতে ওয়ালটনে স্থায়ী চাকরির সুযোগ রয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে এ ধরনের সমন্বয় শিক্ষার্থীদের কর্মমুখী দক্ষতা বাড়ানোর পাশাপাশি কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি করবে। এ উদ্যোগ অব্যাহত থাকলে ভবিষ্যতে মাভাবিপ্রবির আরও শিক্ষার্থীর জন্য ইন্টার্নশিপ, প্রশিক্ষণ ও চাকরির সুযোগ সম্প্রসারিত হবে।

ইন্টার্নশিপের সুযোগ পেয়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, আইসিটি বিভাগের শিক্ষক এবং ওয়ালটন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad