কক্সবাজারের টেকনাফ উপকূলে বজ্রপাতে মোহাম্মদ হোসেন (৪৫) নামের এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নৌকায় থাকা আরও পাঁচ জেলে আহত হয়েছেন। মঙ্গলবার ভোররাতে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
মৃত মোহাম্মদ হোসেন সেন্টমার্টিন এলাকার বাসিন্দা মোহাম্মদ বশরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী এলাকায় বসবাস করছিলেন।
আহত পাঁচ জেলে হলেন- আবুল কালাম (৩০), আবুল কাসিম (২৪), ওসমান (২৫), শফি আলম ও হামিদুল হক। তারা সবাই টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী এলাকার বাসিন্দা।
নৌকার আহত মাঝি হামিদুল হক জানান, সোমবার দুপুরে উত্তর লম্বরী নৌকাঘাট থেকে ছয়জন জেলেকে নিয়ে একটি ট্রলারে করে তারা সাগরে মাছ ধরতে যান। মঙ্গলবার ভোররাতে সাগরে জাল ফেলে মাছ ধরার অপেক্ষায় ছিলেন। এ সময় হঠাৎ আকাশে বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে বজ্রপাত সরাসরি তাদের নৌকায় আঘাত হানলে মোহাম্মদ হোসেনসহ ছয়জন গুরুতর আহত হন।
তিনি আরও জানান, পরে ট্রলারটি উপকূলে নিয়ে আহত জেলেদের দ্রুত টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নওশাদ আলম কানন বলেন, ‘সকালে সাগরে বজ্রপাতে আহত অবস্থায় ছয় জেলেকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই একজনের মৃত্যু হয়েছে। আহত পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।’
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়জুল ইসলাম বলেন, ‘আমাদের এলাকার একজন জেলে সাগরে বজ্রপাতে মারা গেছেন। তার স্বজনেরা টেকনাফে আসছেন। পরে মরদেহ সেন্টমার্টিনে নিয়ে যাওয়া হবে বলে তারা জানিয়েছেন।’


