সংরক্ষিত নারী আসনের উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এলিজা জামান। তিনি বিএনপির পক্ষ থেকে মনোনীত প্রার্থী ছিলেন।
সোমবার উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্মসচিব মঈন উদ্দীন খান তাকে নির্বাচিত ঘোষণা করেন।
আইন অনুযায়ী এলিজা জামানকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, নির্বাচন কমিশন গেজেট প্রকাশের অনুমোদন দিয়েছে। নাম-ঠিকানাসহ গেজেট প্রকাশের পরই তার শপথ আয়োজনের জন্য সংসদ সচিবালয়ে পাঠানো হবে।
সংরক্ষিত নারী আসনে ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া (৩২৩ মহিলা-২৩) আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন এলিজা জামান। তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। পাশাপাশি তিনি কেন্দ্রীয় মহিলা দলের বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় আলোচনায় আসেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। এ ঘটনার পর বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে পদত্যাগের নির্দেশ দেন। পরে তিনি পদত্যাগ করলে সংসদ সচিবালয় আসনটি শূন্য ঘোষণা করে। ওই শূন্য আসন পূরণেই উপনির্বাচন হয়।


