অসহায় ও দুস্থ মানুষের কাছে চিকিৎসা সহায়তা ও সরকারি উন্নয়ন কার্যক্রম পৌঁছে দিতে সরকার গুরুত্বের সঙ্গে কাজ করছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
শুক্রবার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ ভবনে ক্যান্সার, কিডনি ও অন্যান্য জটিল রোগে আক্রান্ত রোগীদের মধ্যে চিকিৎসা সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে ছয়জন রোগীর প্রত্যেককে এক লাখ টাকা করে মোট ছয় লাখ টাকার চেক দেওয়া হয়।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। বিশেষ করে ক্যান্সার, কিডনি ও অন্যান্য জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য সরকারি সহায়তা কার্যক্রম জোরদার করা হচ্ছে।
তিনি বলেন, জটিল রোগে আক্রান্ত কেউ চিকিৎসা সহায়তার বাইরে থাকলে আবেদন করতে পারবেন। তাদের সহায়তায় সর্বোচ্চ উদ্যোগ নেওয়া হবে। এ কার্যক্রম অব্যাহত থাকবে উল্লেখ করে তিনি বলেন, জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার রয়েছে সরকারের।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার পরিধি বাড়ানো হচ্ছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের ভাতা চালু করা হয়েছে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রমও চলছে। তৃণমূলের মানুষের কাছে সরকারি সহায়তা পৌঁছে দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, উন্নয়ন ও আর্থিক সহায়তার পরিমাণ বাড়ানো হচ্ছে। গত দুর্গাপূজাতেও প্রধানমন্ত্রী বেশি পরিমাণে অনুদান দিয়েছেন। ভবিষ্যতে এসব সহায়তার পরিমাণ আরও বাড়ানো হবে। জনগণের পাশে সরকার সব সময় থাকবে বলেও জানান তিনি।
টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হক সানু, টাঙ্গাইল সদর থানা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী ও সফিকুর রহমান সফিক, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ এবং যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল্লাহ আল কাফি শাহেদ।
এ ছাড়া বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


