লক্ষ্মীপুর সদর উপজেলায় মাটির ব্যবসাকে কেন্দ্র করে ডেকে নিয়ে খোরশেদ (৪০) নামের এক ব্যবসায়ীকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে।
বুধবার দুপুরে উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলসাদপুর গ্রামের খাঁনের বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত খোরশেদ দিলসাদপুর গ্রামের রুহুল আমিনের ছেলে। তিনি মাটির ব্যবসা করতেন। তবে তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত খোরশেদ বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে দাবি করেছেন তার পরিবার।
নিহতের স্ত্রী আকলিমা আক্তার ও মেয়ে প্রেমা আক্তারের অভিযোগ, দুপুরে মোরশেদ ও মজিদ নামের দুই ব্যক্তি খোরশেদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে গুলির শব্দ শুনে তারা দ্রুত সেখানে গিয়ে জানতে পারেন, ওয়ালিদ নামের এক ব্যক্তি খোরশেদকে গুলি করেছেন। মাটির ব্যবসা নিয়ে ওয়ালিদ এর আগেও তাকে বিভিন্নভাবে হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ করেন তারা।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসক ইসমাইল হাসান রনি জানান, খোরশেদকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার বুকে ক্ষতচিহ্ন রয়েছে, যা গুলির ক্ষত বলে প্রাথমিকভাবে নিশ্চিত করা গেছে।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ ফারভেজ বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে এবং তদন্ত সাপেক্ষে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনা হবে।


