বিদ্যুৎ খাতে অতীতের অব্যবস্থাপনা ও অনিয়মের পুনরাবৃত্তি যেন না হয়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
তিনি বলেন, বিদ্যুৎ খাতের প্রকল্প বাস্তবায়নে ধারাবাহিক ও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন, যাতে অতীতে দেখা দেওয়া অনিয়মের পুনরাবৃত্তি না ঘটে।
বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘যাতে আমরা বিদ্যুৎ খাতের যে হ-য-ব-র-ল বা বিদ্যুৎ খাতের যে নয়ছয় আমরা বিগত সময়গুলো দেখেছি, সেটা যেন না আসে।’
তিনি বলেন, বিদ্যুৎকেন্দ্র নির্মাণ এবং রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র স্থাপনের নামে অতীতে লুটপাটের অভিযোগ উঠেছে। এসব ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিত করা জরুরি।
একটি গণতান্ত্রিক সমাজে প্রতিটি খাত ও প্রতিষ্ঠানকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে উল্লেখ করে রিজভী বলেন, গণমাধ্যম বিভিন্ন খাতের কার্যক্রম নিয়ে প্রতিবেদন প্রকাশ ও সমালোচনা করতে পারে।
সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব হলো এসব প্রশ্নের জবাব দেওয়া এবং নিজেদের সিদ্ধান্তের ব্যাখ্যা তুলে ধরা।
তিনি আরও বলেন, বিদ্যুৎ ব্যবহারের পরিমাণের ভিত্তিতে চরম দরিদ্র মানুষকে নির্ভুলভাবে শনাক্ত করা কঠিন হতে পারে। চরাঞ্চলে বিদ্যুতের সুবিধা না থাকা এবং শহরের বস্তিতে ভাগাভাগি করে বিদ্যুৎ ব্যবহারের মতো বাস্তবতা এ ক্ষেত্রে বিবেচনায় নিতে হবে।
তবে এ সীমাবদ্ধতা সত্ত্বেও দারিদ্র্য নিরূপণে বিদ্যুৎ ব্যবহারের সূচক নিয়ে গবেষণার উদ্যোগকে তিনি গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।


