দুর্গাপূজা উপলক্ষ্যে শনিবার থেকে আগামী ২৩ অক্টোবর পর্যন্ত টানা ৭ দিন বন্ধ থাকবে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম। তবে এই সময়ে পাসপোর্টধারী যাত্রীরা যথারীতি যাতায়াত করতে পারবেন।
আগামী শনিবার থেকে আবারও শুরু হবে বন্দরের আমাদানি-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম। ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট কার্গো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনকে একটি পত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক আবু মুছা জানান, ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট কার্গো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারন মিহির ঘোষ স্বাক্ষরিত চিঠিতে গত ১ অক্টোবর শারদীয় দূর্গা পূজা উপলক্ষ্যে ১৭ অক্টোবর থেকে আগামী ২২ অক্টোবর পর্যন্ত টানা ৬ দিন আমদানী-রপ্তানী বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত জানানো হয়।
এছাড়া ২৩ অক্টোবর শুক্রবার বাংলাদেশে সাপ্তাহিক ছুটি থাকায় আরো একদিন বাড়িয়ে মোট ৭দিন বন্ধ থাকবে দুই দেশের আমদানী-রপ্তানী বাণিজ্যিক কার্যক্রম। এবং ২৪ অক্টোবর শনিবার থেকে আবারো যথারীতি দুই দেশের বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।
ভোমরা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এএসআই শামীম জানান, দূর্গাপূজা উপলক্ষে ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও এ বন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রীরা এই সময়ে যথারীতি যাতায়াত করতে পারবেন।


