হরর-কমেডি ঘরানার আসন্ন সিনেমা ‘নয়ি নাভেলি’তে অভিনয়ের ভিন্ন দিক তুলে ধরতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। গা ছমছমে আবহ, অতিপ্রাকৃত ঘটনা, গাঢ় রসবোধ ও ভারতীয় লোককথার মিশেলে নির্মিত হয়েছে সিনেমাটি।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, সিনেমাটিতে মোহিনী চরিত্রে অভিনয় করেছেন ইয়ামি। তার মতে, এই চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে স্বতঃস্ফূর্ত ও প্রাণবন্ত অভিনয়ের সুযোগ পেয়েছেন তিনি।
ইয়ামি বলেন, ‘দর্শক আমাকে আরও হালকা মেজাজের, স্বতঃস্ফূর্ত ও প্রাণবন্ত রূপে দেখতে পাবেন।’ চরিত্রটি তার জন্য ছিল নতুন অভিজ্ঞতা। এতে কৌতুক অভিনয় ও শারীরিক অভিব্যক্তি নিয়ে স্বাধীনভাবে কাজ করার সুযোগ পেয়েছেন তিনি।
বালাজি মোহন পরিচালিত সিনেমাটির গল্পের কেন্দ্রে রয়েছেন মোহিনী। সদ্য বিবাহিত এই নারীকে প্রথম দেখায় নিখুঁত মনে হয়। বিয়ের পর তিনি উত্তর প্রদেশের মিরাটের একটি পরিবারে প্রবেশ করেন। শুরুতে তার আগমনে পরিবারের অশান্তি কমে আসে। তবে একপর্যায়ে তার দেবর সন্দেহ করতে শুরু করেন, মোহিনী আসলে একজন ডাইনি।
সিনেমাটির সংগীত পরিচালক জি ভি প্রকাশ কুমার ও নৃত্য পরিচালক বিজয় গাঙ্গুলীর কাজের প্রশংসা করেছেন ইয়ামি। তার ভাষ্য, নাচের দৃশ্যগুলো মোহিনীর প্রাণখোলা ও স্বতঃস্ফূর্ত ব্যক্তিত্ব তুলে ধরতে সাহায্য করেছে।
আনন্দ এল রাই ও হিমাংশু শর্মার প্রযোজনায় সিনেমাটি নির্মিত হয়েছে কালার ইয়েলো প্রোডাকশনস ও অ্যামাজন এমজিএম স্টুডিওসের যৌথ উদ্যোগে। এতে ইয়ামি গৌতমের পাশাপাশি অভিনয় করেছেন আদিনাথ কোঠারে, মিতা বশিষ্ঠ, সোনাল ঝা ও সুনীতা রাজওয়ার।
আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘নয়ি নাভেলি’র।


