বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের নামাজে জানাজা বুধবার সকাল ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। মঙ্গলবার রাতে সংসদ সচিবালয়ের এক সূত্র তথ্যটি নিশ্চিত করেছে।
সংসদে জানাজার পরে দুপুর ১টা ৩০ মিনিটে নয়া পল্টনের বিএনপি কেন্দ্রীয় অফিসের সামনে দ্বিতীয় ও বেলা ৩টা নাগাদ শ্যামপুর লাল মসজিদে তৃতীয় নামাজে জানাজা পড়ানো হবে।
জানাজা শেষে জুরাইন গোরস্তানে তার বাবার কবরে তাকে দাফন করা হবে বলে জানিয়েছে বিএনপি মিডিয়া সেলের এক সূত্র।
সালাহউদ্দিন আহমেদ মঙ্গলবার রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
তিনি ঢাকা-৪ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে ১৯৯১ সালের পঞ্চম, ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ষষ্ঠ এবং ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।
রাজধানীর শ্যামপুর-কদমতলী এলাকায় বিএনপির নেতা হিসেবে পরিচিত সালাহউদ্দিন আহমেদ দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বাণিজ্যবিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তিনি।


