চট্টগ্রামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নারীর বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নারীর বিরুদ্ধে মামলা
Advertisement
Advertisement

চট্টগ্রামে ১০ কোটি ৩০ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগে রমা বিশ্বাস (৪৫) নামের এক নারীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

তার নামে স্থাবর ও অস্থাবর মিলিয়ে প্রায় ১১ কোটি ৮৯ লাখ টাকার সম্পদ পাওয়া গেছে। পারিবারিক ও অন্যান্য ব্যয় বাদ দেওয়ার পর তার বৈধ আয়ের পরিমাণ দাঁড়ায় প্রায় ১ কোটি ৫৯ লাখ টাকা। বৈধ আয়ের সঙ্গে সম্পদের অসংগতি পাওয়ায় এ মামলা করেছে সংস্থাটি।

সোমবার দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২-এ মামলাটি করা হয়। দুদকের উপসহকারী পরিচালক মো. জসিম উদ্দিন বাদী হয়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় মামলাটি করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, রমা বিশ্বাস চট্টগ্রাম নগরের ফিরিঙ্গী বাজার এলাকার শচীন্দ্রলাল ভবনের বাসিন্দা। তার স্বামী প্রয়াত অনুপ বিশ্বাস চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা এলাকার বাসিন্দা ছিলেন। তিনি আলোচিত মদ ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন।

দুদকের অনুসন্ধানে ২০২২-২৩ করবর্ষ পর্যন্ত রমা বিশ্বাসের নামে ১১ কোটি ৮৯ লাখ ১০ হাজার ৮৬৪ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। এর মধ্যে স্থাবর সম্পদের মূল্য ১১ কোটি ১৬ লাখ ৪২ হাজার ৬৩৫ টাকা। অস্থাবর সম্পদের পরিমাণ ৭২ লাখ ৬৮ হাজার ২২৯ টাকা।

আরও পড়ুন

এজাহারের তথ্য অনুযায়ী, ব্যবসা, গৃহসম্পত্তি ও অন্যান্য উৎস থেকে ২০২২-২৩ করবর্ষ পর্যন্ত রমা বিশ্বাসের বৈধ আয় ছিল ২ কোটি ৫৫ লাখ ৪৩ হাজার ৫২৬ টাকা। একই সময়ে তার পারিবারিক ও অন্যান্য ব্যয় ছিল ৯৬ লাখ ৪৬ হাজার ৬৬৮ টাকা। এসব ব্যয় বাদ দিলে সম্পদ অর্জনের বিপরীতে তার বৈধ আয়ের পরিমাণ দাঁড়ায় ১ কোটি ৫৮ লাখ ৯৬ হাজার ৮৫৮ টাকা।

অন্যদিকে, তার নামে পাওয়া সম্পদের পরিমাণ ১১ কোটি ৮৯ লাখ ১০ হাজার ৮৬৪ টাকা। বৈধ আয় থেকে ব্যয় বাদ দেওয়ার পর অবশিষ্ট অর্থের সঙ্গে মোট সম্পদের তুলনা করে ১০ কোটি ৩০ লাখ ১৪ হাজার ৬ টাকার অসংগতিপূর্ণ সম্পদ পাওয়া গেছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

দুদক চট্টগ্রামের উপপরিচালক রিয়াজ উদ্দিন বলেন, ২০০৮ সালের ১৩ নভেম্বর থেকে ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত সময়ে এসব সম্পদ অর্জনের ঘটনা ঘটেছে। প্রাথমিক অনুসন্ধানে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগের প্রমাণ পাওয়ায় তার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, গত ৭ অক্টোবর দুদকের প্রধান কার্যালয় থেকে মামলাটির অনুমোদন দেওয়া হয়। তদন্তে অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাকেও তদন্তের আওতায় আনা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad