বাস ভাড়া নিয়ে ৩ উপজেলার সংঘর্ষে আহত ১০

বাস ভাড়া নিয়ে ৩ উপজেলার সংঘর্ষে আহত ১০
তিন উপজেলার মধ্যে সংঘর্ষ। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

মাদারীপুরে বাস ভাড়া নিয়ে ৩ উপজেলার লোকজনের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে কালকিনি, ডাসার ও বরিশালের গৌরনদী উপজেলার সীমান্তবর্তী ভূরঘাটা ব্রিজ এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের ওপর এ ঘটনা ঘটে। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ভাংচুর করা হয় অন্তত ১০টি ব্যবসাপ্রতিষ্ঠান।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, গত সোমবার সকালে বরিশালে যাওয়ার জন্য লোকাল বাস কাউন্টারে টিকিট কাটতে যান ডাসার উপজেলার বনগ্রাম এলাকার সেলিম ঘরামীর ছেলে এমারত ঘরামী। এ সময় ভাড়া বেশি চাওয়ায় বাস শ্রমিকদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এ সময় সবুজ, আকাশ ফকিরসহ তাদের লোকজন মিলে এমারতকে মারধর করে বলে অভিযোগ রয়েছে। এরই জেরে শুক্রবার সন্ধ্যায় ভূরঘাটায় ঢাকা-বরিশাল মহাসড়কের ওপরে কালকিনি ও ডাসার উপজেলার লোকজন এবং বরিশালের গৌরনদী উপজেলার লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। টানা দুই ঘন্টা ধরে চলে এই সংঘর্ষ।

এ সময় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ভাংচুর করা হয় অন্তত ১০টি দোকান। একপর্যায়ে ঢাকা-বরিশাল মহাসড়কে টায়ার জ্বালিয়ে দেওয়া হলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সেতুর উভয় পাশে প্রায় ৬ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আলম জানান, তিন উপজেলার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে তিনটি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অন্তত ১০জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad