কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাড়ির পাশে খেলতে গিয়ে পরিত্যক্ত পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।
শনিবার সকাল ৯টার দিকে পৌরসদরের আনোয়ারখালী গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো-আনোয়ারখালী গ্রামের সিদ্দিক হোসেনের মেয়ে নুসাইবা আক্তার (২) ও তার বোন মরিয়মের মেয়ে আদিবা আক্তার (৩)।
পরিবার ও স্থানীয়সূত্রে জানা গেছে, সকালে নুসাইবা ও আদিবা বাড়ির পাশে খেলছিল। খেলার এক পর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে তারা পাশের একটি পরিত্যক্ত পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত পুকুর থেকে দুই শিশুকে উদ্ধার করেন। পরে তাদেরকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) তাওহীদ জানান, হাসপাতালে আনার আগেই শিশু দুটির মৃত্যু হয়েছিল।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশু দুটির পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


