নড়াইলে মাদকসেবনে বাধা দেওয়ায় কুপিয়ে হত্যার অভিযোগ

নড়াইলে মাদকসেবনে বাধা দেওয়ায় কুপিয়ে হত্যার অভিযোগ
ছবি: টাইমস
Advertisement
Advertisement

নড়াইলে মাদকসেবনে বাধা দেওয়ার অভিযোগে মানসুর মোল্যা (৪৫) নামের এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার রাত ১০টার দিকে কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়নের কদমতলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মানসুর কদমতলা গ্রামের হাবি মোল্যার ছেলে। এ ঘটনায় অভিযুক্ত যুবক কদমতলা গ্রামের লিপটন মোল্যার ছেলে হাসিব মোল্যা (২০) পলাতক রয়েছে।

ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, মাদকসেবনে বাধা দেওয়ায় গত শুক্রবার নড়াইলের পেড়লী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার (সদস্য) কাসেদ মোল্যার সঙ্গে হাসিব মোল্যার বাকবিতন্ডা হয়। একপর্যায়ে অভিযুক্ত হাসিব ইউপি মেম্বার কাসেদ মোল্যাকে কিল-ঘুষি মারেন।

আরও পড়ুন

এরপর শনিবার রাত ১০টার দিকে হাসিব কদমতলা ত্রি-মোহনার মোড়ের দোকানে যান। এ সময় ভুক্তভোগী কাসেদের চাচাতো ভাই মানসুর ও নূর ইসলাম অভিযুক্ত হাসিবের কাছে জানতে চান-কেন কাসেদের গায়ে হাত তোলা হয়েছে। এ সময় হঠাৎ করেই ধারালো অস্ত্র বের করে হাসিব মানসুর ও নূর ইসলামকে কোপাতে শুরু করেন।

গুরুতর আহত অবস্থায় মানসুরকে খুলনায় নেওয়ার পথে জামরিলডাঙ্গা ফুটবল মাঠের কাছে তিনি মারা যান। ওপর আহত নূর ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ইউপি মেম্বার কাসেদ মোল্যা বলেন, ‘হাসিব দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তাকে মাদকসেবন করতে নিষেধ করায় ক্ষিপ্ত হয়ে আমাকে লাঞ্ছিত করে। এরপর ধারালো ছুরিকাঘাতে মানসুর ও নূর ইসলামকে কুপিয়ে হতাহতের ঘটনা ঘটিয়েছে। নিহত মানসুরের মরদেহের ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।’

এ ব্যাপারে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। পূর্ববিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad