ফেনী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের নবাগত অধ্যক্ষ মো. জাহেদুল কবির খানকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতি।
বৃহস্পতিবার ইনস্টিটিউট প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতির সভাপতি জিএম তাজউদ্দীন।
বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতি সম্পাদক তারেক মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ফেনী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ মো. আলী আজম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতি স্থানীয় শাখার সহ-সভাপতি ও নন-টেক বিভাগের শিক্ষক মো. আবুল বাশার।
এ সময় বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক পরিষদ ও কর্মচারী সমিতির সভাপতি এবং শিক্ষক সমিতির সদস্যসহ ইনস্টিটিউটের শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা নবাগত অধ্যক্ষকে স্বাগত জানিয়ে তার নেতৃত্বে ফেনী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল ও মানসম্মত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।


