টাঙ্গাইলের সখীপুরে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত দুই শিশুসন্তানকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে তাদের মা আকলিমা আক্তারের বিরুদ্ধে।
এ ঘটনায় সাড়ে তিন বছর বয়সী ছেলে আশরাফুলের মৃত্যু হয়েছে। আহত ৯ বছরের মেয়ে সিরজাতুন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর ওই মাকে আটক করেছে পুলিশ।
বুধবার রাত ১২টার দিকে উপজেলার বড়চওনা ইউনিয়নের খালিয়ারবাইদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আশরাফুল ও আহত সিরজাতুন ওই এলাকার শাহীন মিয়ার সন্তান।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শাহীন মিয়ার দ্বিতীয় স্ত্রী আকলিমা আক্তার পারিবারিক বিষয় নিয়ে ক্ষুব্ধ হয়ে বুধবার রাতে ঘুমন্ত দুই শিশুকে ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করেন। এতে দুই শিশু গুরুতর আহত হয়। পরে আকলিমা নিজেও ছুরি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।
পরিবারের সদস্যরা আহত দুই শিশুকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক ছেলে আশরাফুলকে মৃত ঘোষণা করেন। আহত সিরজাতুনের অবস্থার অবনতি হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে ঘটনার পর পরিবারের সদস্যরা আকলিমাকে ঘরের একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে। পরে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়ার পর তাকে থানায় নেওয়া হয়।
সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহীন জানান, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শিশুদের মা আকলিমা আক্তারকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।


