মেহেরপুরে খোয়া ভাঙ্গা মেশিন উল্টে লিখন হোসেন (২৭) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন শ্রমিক আহত হয়েছেন।
জেলার মুজিবনগরের বল্লভপুরে মঙ্গলবার সকালে দুর্ঘটনার পর দুপুরে কুষ্টিয়ার একটি হাসপাতালে লিখনের মৃত্যু হয়।
নিহত লিখন হোসেন মুজিবনগর উপজেলার দারিয়ারপুর খানপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মুজিবনগর উপজেলা ইমারত নির্মান শ্রমিক সমিতির কার্যালয় থেকে একটি খোয়া ভাঙ্গা মেশিন নিয়ে কয়েকজন শ্রমিক আনন্দবাস গ্রামে যাচ্ছিলেন। বল্লভপুর গ্রামের সমিল এলাকায় পৌঁছুলে মেশিনের সামনের চাকার একসেল ভেঙ্গে উল্টে পড়ে। লিখন হোসেন গাড়ির নিচে চাপা পড়েন। স্থানীয়রা আহত শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় করে। সেখানে সামান্য আহত কয়েকজন শ্রমিককে প্রাথমিক চিকিৎসা দেয়। গুরুতর আহত লিখনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার জানান, পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে । এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


