দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, একটি দুষ্টচক্র কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে সার মজুদের চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
শনিবার দুপুরে ফেনীর ফুলগাজীতে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফর উপলক্ষে প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি পরিদর্শনে ফুলগাজীতে যান মন্ত্রী।
মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, দেশে পর্যাপ্ত সার মজুত রয়েছে। তাই সার নিয়ে কৃষকদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। কেউ কৃত্রিম সংকট তৈরির জন্য সার মজুতের চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কৃষকদের সহায়তায় প্রথম ধাপে সারাদেশে এক লাখ ১০ হাজার কৃষি কার্ড বিতরণ করা হবে।
মন্ত্রী আরও বলেন, ফেনীতে সাড়ে সাত হাজার কৃষক এ কার্ড পাবেন। আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনীতে এসে কৃষি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
এর আগে মন্ত্রী ফুলগাজীতে প্রধানমন্ত্রীর সমাবেশস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি সমাবেশের প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতির খোঁজ নেন।
এ সময় জেলা প্রশাসক মাহবুব উল করিম, পুলিশ সুপার প্রত্যুষ কুমার, কৃষি বিভাগের উপপরিচালক আতিক উল্লাহসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


