বরিশালে দৈনিক সমকালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় নগরীর প্যারারা রোডে সমকালের বরিশাল অফিস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সমকালের বর্তমান বরিশাল ব্যুরো প্রধান সুমন চৌধুরী জানান, ২০২৩ সালে ব্যুরো প্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার পরও পুলক চ্যাটার্জি সাবেক কর্মস্থলে আসা-যাওয়া করতেন। বিভিন্ন সময় তিনি পত্রিকা পড়তে অফিসে আসতেন।
সুমন চৌধুরী বলেন, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে অফিস খোলার সময় তিনি দেখতে পান, দরজা ভেতর থেকে বন্ধ। পরে দরজার ফাঁক দিয়ে ভেতরে তাকিয়ে পুলক চ্যাটার্জিকে গলায় দড়ি দেওয়া অবস্থায় ঝুলতে দেখেন। বিষয়টি তিনি আশপাশের লোকজনকে জানান। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে অফিসের ভেতরে প্রবেশ করে মরদেহ উদ্ধার করে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উপস্থিত লোকজনের সামনে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় সিআইডির একটি দল তদন্ত করবে।
পুলক চ্যাটার্জির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বরিশালের সাংবাদিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। তার মরদেহ উদ্ধারের খবর পেয়ে সহকর্মী ও সাংবাদিকরা ঘটনাস্থলে ছুটে যান। কী কারণে এমন ঘটনা ঘটেছে, তা তদন্তের মাধ্যমে বের করার দাবি জানিয়েছেন সহকর্মীরা।
জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি বরিশাল প্রেসক্লাবের বর্তমান কার্যকরী কমিটির সদস্য ছিলেন।


