গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গভীর রাতে ঘরে ঢুকে এক গৃহবধূকে হাত-পা বেঁধে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোহাগ কাজী ও আকবর নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত ৮ সেপ্টেম্বর দিবাগত রাতে টুঙ্গিপাড়ার একটি গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।
ভুক্তভোগী নারী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। স্বজনদের দাবি, তিনি গুরুতর আহত হয়েছেন। তার দুটি দাঁত ভেঙে গেছে বলেও জানান তারা।
স্থানীয় সূত্রের ভাষ্য, প্রতিবেশীদের সঙ্গে বিরোধ ও মামলা চলমান থাকায় বাড়ির পুরুষ সদস্যরা বাইরে ছিলেন। ওই নারী সন্তানদের নিয়ে বাড়িতে ছিলেন।
অভিযোগ, গভীর রাতে সোহাগ কাজী, আকবরসহ ৩ থেকে ৪ জন ঘরে ঢুকে তাকে হাত-পা বেঁধে ধর্ষণ করেন।
প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে বাড়িতে গেলে অভিযুক্তরা পালিয়ে যান বলে জানা গেছে। পরে ওই নারীকে অচেতন অবস্থায় উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাকে গোপালগঞ্জের একটি হাসপাতালে ভর্তি করা হয়।
ভুক্তভোগী নারীর অভিযোগ, ৩ থেকে ৪ জন ঘরে ঢুকে তার হাত-পা বেঁধে তাকে ধর্ষণ করেন। তিনি সোহাগ কাজী ও আকবরকে চিনতে পেরেছেন বলেও জানান।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ূব আলী বলেন, সোহাগ কাজী ও আকবরকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।


