ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে কমিটির সভাপতি সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে কমিটির সদস্য আমানউল্লাহ আমান, হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান, এ কে এম ফজলুল হক মিলন, হাফিজ ইব্রাহিম, মাহাবুবুর রহমান, এস কে আজিজুল বারী, মনজুরুল ইসলাম, ফজলে হুদা, মোহাম্মদ জাকির হোসেন, সৈয়দ জয়নুল আবেদীন ও রুহুল আমিন অংশ নেন। বৈঠকের শুরুতে কুরআন তেলাওয়াত ও পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।
বৈঠকে ২০২০-২০২১ অর্থ বছরের হিসাব সম্পর্কিত কমপ্লায়েন্স অডিট রিপোর্টে বর্ণিত অডিট আপত্তির অনুচ্ছেদ নম্বর ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ ও ৮-এর ওপর আলোচনা হয়। কমিটি আপত্তি সংশ্লিষ্ট অর্থ আদায় ও স্বাস্থ্য শিক্ষা বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেয়।
এ সময় কমিটির সদস্য মাহাবুবুর রহমান, ফজলে হুদা এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করে নিরীক্ষাকালীন ক্রয়কারীর দরপত্রের স্পেসিফিকেশন যাচাইপূর্বক রিপোর্ট দেওয়ার সিদ্ধান্ত হয়।
মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রকের রিপোর্টভুক্ত অনিষ্পন্ন অডিট আপত্তিগুলোর মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন ১০টি অডিট আপত্তি পর্যালোচনা করা হয় এবং প্রাপ্ত জবাব ও প্রমাণকের আলোকে তা নিষ্পত্তির সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক শেষে কমিটির সভাপতি সাংবাদিকদের ব্রিফিং করেন।
বৈঠকে মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, জাতীয় রাজস্ব বোর্ড, স্বাস্থ্য মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


