গ্যাস সরবরাহের দাবিতে নরসিংদীর পাঁচদোনা-টঙ্গী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সিএনজিচালিত অটোরিকশার চালকরা।
বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে এই অবরোধ করে বিক্ষুব্ধ চালকরা। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। এতে দীর্ঘ ৪ ঘণ্টা সড়কটিতে যান চলাচল বন্ধ থাকে।
বিক্ষুব্ধ চালকরা জানান, পাঁচদোনা থেকে টঙ্গী মহাসড়কের মধ্যে ঘোড়াশাল বাইপাস এলাকায় একমাত্র নাজমুল সিএনজি ফিলিং স্টেশনের অবস্থান। গত ২ দিন ধরে এখান থেকে অল্প গ্যাস নিয়ে কোনরকমে অটোরিকশা চালিয়ে জীবনযাপন করতেন তারা।
কিন্তু বৃহস্পতিবার দুপুর আড়াইটার পর থেকে পাম্পটিতে একেবারে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে গ্যাস না পেয়ে চালকরা ক্ষিপ্ত হয়ে সড়ক অবরোধ করেন। এতে করে পাঁচদোনা-টঙ্গী সড়কের প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে যান চলাচল বন্ধ থাকে। এসময় দুর্ভোগে পড়েন যাত্রীরা।
খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিএনপির স্থানীয় নেতারা উপস্থিত হয়ে গ্যাস সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিলে চালকরা সড়ক অবরোধ তুলে নেন।


