রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে পরিবর্তন শুরু করেছে সরকার। এর অংশ হিসেবে প্রথম ধাপে তিনটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তির মেয়াদ বাতিল করেছে সরকার। এগুলো হলো অগ্রণী ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক ও বেসিক ব্যাংক।
বুধবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তিন ব্যাংকের পরিচালনা পর্ষদকে চিঠি দিয়ে এ তথ্য জানিয়েছে। বাকি তিন ব্যাংকেও শিগগিরই পরিবর্তন আসবে বলে জানা গেছে।
মন্ত্রণালয় পৃথক চিঠিতে জানায়, অগ্রণী ব্যাংকের এমডি মো. আনোয়ারুল ইসলাম, ডেভলপমেন্ট ব্যাংকের এমডি মো. জসীমউদ্দিন ও বেসিক ব্যাংকের এমডি মো. কামরুজ্জামান খানের সঙ্গে চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের জন্য সরকার সম্মতি দিয়েছে। ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী পর্ষদ এখন বাকি কার্যক্রম গ্রহণ করবে।
জানা গেছে, ব্যাংক তিনটিতে নতুন এমডি নিয়োগের কাজ শুরু হয়েছে।
এই তিন এমডির মেয়াদ বাতিলের তিনদিন আগে রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকগুলোর ১০ পরিচালককে বাদ দিয়েছে সরকার, যাদের অনেকে অন্তর্বর্তী সরকারের সময়ে তিন বছরের জন্য নিয়োগ পেয়েছিলেন। কয়েকজন ছিলেন সরকারপক্ষের পরিচালক, যাদের চাকরির মেয়াদ শেষ হয়েছে। এদের বিপরীতে নতুন করে ১৫ জনকে এসব পদে নিয়োগ দেওয়া হয়েছে।


