‘টাইমস অব বাংলাদেশ’-এর মেকআপ, গেটআপ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রশংসা করেছেন সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।
সোমবার সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে পত্রিকাটির বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠিত আয়োজনে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।
পত্রিকাটি নিয়ে নিজের ভালোলাগার কথা জানিয়ে তিনি বলেন, ‘মেকআপ-গেটআপ এবং উল্লেখযোগ্য ঘটনাবলিকে সামনে আনার ক্ষেত্রে এই পত্রিকা অন্যতম দৃষ্টান্তমূলক। ভালো বিষয়বস্তুর কারণে না চাইলেও মনে হয় পত্রিকাটি ভালোভাবে পড়া দরকার।’
তিনি আরও বলেন, ‘সমসাময়িক ঘটনা এবং ঘটনার পেছনের অ্যানালিসিস আমাদের সমাজের অগ্রগতি ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠকে শাণিত করে।’
সংবাদপত্রের নিরপেক্ষতা বিষয়ে তিনি বলেন, ‘নিরপেক্ষতার ক্ষেত্রে সবসময় দেশ, গণতন্ত্র ও সমাজের অসংগতি দূর করাকেই প্রাধান্য দেওয়া উচিত।’
টাইমস দেশের প্রকৃত ঘটনা তুলে ধরে গণতন্ত্রের যাত্রাকে অব্যাহত রাখতে ভূমিকা রাখছে বলেও তিনি মন্তব্য করেন।


