গার্ড অব অনারের মাধ্যমে বঙ্গভবনে প্রবেশ করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার সকাল ১১টার দিকে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে প্রথমবারের মতো বঙ্গভবনে প্রবেশ করলেন তিনি।
রাষ্ট্রপতির কার্যালয়ের তথ্যানুযায়ী, সকাল ১০টা ৫০ মিনিটে মিন্টু রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনের উদ্দেশে রওনা হন নতুন রাষ্ট্রপতি। সেখানে তাকে গার্ড অব অনার দেয় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি চৌকস দল। মির্জা ফখরুল পিজিআরের পক্ষ থেকে সালাম গ্রহণ করেন।
এরপর তিনি বঙ্গভবনের নিজ কার্যালয়ে প্রবেশ করে কর্মদিবস শুরু করেন।
গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গভবনের দরবার হলে ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন আওয়ামী লীগ সরকারের সময়ে নির্বাচিত মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী, পদত্যাগের কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হলে ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন হয়। সাহাবুদ্দিনের পদত্যাগে অন্তর্বর্তী সময়ের রাষ্ট্রপতির দায়িত্ব নেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
সেই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ হয়। নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী ছিলেন অলি আহমদ।
৩৫ বছর পর আয়োজিত রাষ্ট্রপতি নির্বাচনে ৩৪৯ সংসদ সদস্যের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন। বিরোধী অলি আহমদ পান ৮৮ ভোট।


