দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬৯৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে দুইজনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ২৪৩ জনে এবং মৃতের সংখ্যা ৬৫ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের বৃহস্পতিবারের ডেঙ্গুবিষয়ক দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ৬৯৩ রোগীর মধ্যে ৫৯২ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে এবং ১০১ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
একই সময়ে ৬৬৯ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট ২০ হাজার ৫৬৩ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
ঢাকার বাইরে সবচেয়ে বেশি নতুন রোগী ভর্তি হয়েছেন বরিশাল বিভাগে ৮০ জন। চট্টগ্রাম বিভাগে ৯৫ জন, খুলনা বিভাগে ১০৩ জন, রাজশাহী বিভাগে ৫১ জন, ময়মনসিংহে ৪৩ জন, রংপুরে ১৫ জন এবং সিলেটে পাঁচজন ভর্তি হয়েছেন।
ঢাকা বিভাগের ঢাকার বাইরে ফরিদপুরে ছয়জন, গাজীপুরে ২০ জন, নারায়ণগঞ্জে ৩৮ জন এবং নরসিংদীতে সাতজনসহ বিভিন্ন জেলায় নতুন রোগী ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনই নারী এবং তাদের বয়স ৩৬ থেকে ৫০ বছরের মধ্যে। চলতি বছর ডেঙ্গুতে মৃত ৬৫ জনের মধ্যে নারী ৪১ জন এবং পুরুষ ২৪ জন। অর্থাৎ মোট মৃত্যুর ৬৩ দশমিক ১ শতাংশ নারী এবং ৩৬ দশমিক ৯ শতাংশ পুরুষ।
চলতি বছর ডেঙ্গু আক্রান্তদের মধ্যে পুরুষের সংখ্যা বেশি। মোট ২২ হাজার ২৪৩ রোগীর মধ্যে পুরুষ ১৩ হাজার ৭৫০ জন এবং নারী ৮ হাজার ৪৮৮ জন। পুরুষ রোগীর হার ৬১ দশমিক ৮ শতাংশ এবং নারী ৩৮ দশমিক ২ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী ২৬ থেকে ৩০ বছর বয়সী, ৩ হাজার ১১৪ জন। এরপর ২১ থেকে ২৫ বছর বয়সী ৩ হাজার ৯১ জন এবং ১৬ থেকে ২০ বছর বয়সী ২ হাজার ৯৩৭ জন আক্রান্ত হয়েছেন।
এ বছর এখন পর্যন্ত সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন বরিশাল বিভাগে ৪ হাজার ১৬০ জন। এরপর চট্টগ্রামে ৩ হাজার ৬৬৪ জন, ঢাকার সিটি করপোরেশন এলাকার বাইরে ঢাকা বিভাগে ৩ হাজার ১৫ জন এবং খুলনায় ২ হাজার ৯৫১ জন রোগী ভর্তি হয়েছেন।


