রাজধানীর ধানমন্ডিতে সড়কের ওপর বিশাল আকৃতির একটি গাছ উপড়ে পড়ে তিনটি প্রাইভেটকার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে ধানমন্ডি ১২/এ সড়কের আবাহনী মাঠসংলগ্ন চার রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
ট্রাফিক পুলিশ জানিয়েছে, সন্ধ্যার পর থেকে রাজধানীতে প্রবল বৃষ্টি শুরু হয়। এতে বিভিন্ন সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। রাস্তায় বিভিন্ন যানবাহন ধীরগতিতে চলায় যানজটের সৃষ্টি হয়। এ সময় ধানমন্ডি ১২/এ সড়কের ফুটপাতের ওপরের বিশাল আকৃতির একটি গাছ উপড়ে ওই সড়কে ধীরগতিতে চলতে থাকা তিনটি প্রাইভেটকারের ওপর আছড়ে পড়ে। এতে গাড়ি তিনটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে, এ ঘটনায় কোনো হতাহত হয়নি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে গাছটি সরানোর কাজ শুরু করেন। গাছটি সড়কের ওপর পড়ে থাকায় ওই পথে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে, ওই পথে চলাচলকারী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।


